ইরানকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে রাশিয়া: দাবি ব্লুমবার্গের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার মধ্যেও নিজেদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত পুনর্গঠনের সক্ষমতা ধরে রেখেছে ইরান। এরই মধ্যে তেহরানকে রাশিয়া ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে বলে দাবি করেছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ। পশ্চিমা এক কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কয়েক মাস ধরে মার্কিন ও ইসরায়েলি হামলা চললেও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ এখনো সচল রয়েছে। ফলে দেশটি নিজেদের অস্ত্রভান্ডার পুনরায় সমৃদ্ধ করতে সক্ষম বলে মনে করছেন পশ্চিমা কর্মকর্তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে এখনো উল্লেখযোগ্যসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কিছু জাহাজবিধ্বংসী অস্ত্র রয়েছে। প্রয়োজন হলে দ্রুত আরও অস্ত্র উৎপাদনের সক্ষমতাও রয়েছে দেশটির। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান বলে জানিয়েছেন ওই পশ্চিমা কর্মকর্তা।

এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে মন্তব্য জানতে চেয়েছিল ব্লুমবার্গ। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত মন্ত্রণালয়টির পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

এর আগে গত মার্চে দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছিল, মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ, বিমান ও অন্যান্য সামরিক সম্পদের অবস্থানসংক্রান্ত গোয়েন্দা তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহের দাবি সত্য হলে তা ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনে ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সামরিক ও কৌশলগত পরিস্থিতিতেও এর প্রভাব পড়তে পারে। তবে সরবরাহ করা ক্ষেপণাস্ত্রের ধরন, পরিমাণ ও সময় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। মস্কোর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জা.অর্থনীতি/এসআই