মেহেরপুরের দুই সীমান্তে ৮ লাখ টাকার মাদক উদ্ধার
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি সারাবাংলা: মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা ও কাজিপুর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৮ লাখ ১০ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, মদ ও বিপুল পরিমাণ ওষুধজাতীয় মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১১ অক্টোবর) ভোররাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ টহল দলগুলো এই অভিযান পরিচালনা করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলার কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর হাজীপাড়ায় একটি বিশেষ অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭৩ হাজার ৫০০ টাকা।

এর ঠিক ১৫ মিনিট পর, রাত ১২টা ৪৫ মিনিটের দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার ৪৩০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৩৭ হাজার ৪০০ টাকা।

সবমিলিয়ে দুই সীমান্ত অভিযানে উদ্ধার করা ভারতীয় মাদকদ্রব্যের মোট বাজারমূল্য ৮ লাখ ১০ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে ৪৭ বিজিবি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক চোরাচালান নির্মূলে বিজিবির জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বলবৎ রয়েছে। সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে গোয়েন্দা নজরদারি ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।  

—জা. অর্থনীতি/এলএটি