জাতীয় অর্থনীতি ক্যাম্পাস: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ ও আবেদন প্রক্রিয়া সংক্রান্ত দুই মাসব্যাপী সেমিনার সিরিজের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। উদ্বোধনী দিনে ‘অস্ট্রেলিয়ায় স্কলারশিপের সুযোগ পাওয়ার উপায়’ শীর্ষক প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হয়।
রোববার (১১ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এবং 'জাস্ট রিসার্চ সোসাইটি'র সার্বিক সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, "আমরা চাই আমাদের শিক্ষার্থীরা স্কলারশিপ নিয়ে বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে যাক এবং অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে ফিরে আসুক। বিদেশে স্থায়ী হওয়া নয়, বরং দেশমাতৃকার সেবা করাই হওয়া উচিত শিক্ষার মূল লক্ষ্য।" আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন সম্ভব বলে তিনি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করার আহ্বান জানান এবং বিদেশে শিক্ষা শেষে অর্জিত দক্ষতা দেশের অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে কাজে লাগানোর ওপর জোর দেন।
উদ্বোধনী সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের সহকারী অধ্যাপক ড. ফরহাদ করীম সৈকত। তিনি অস্ট্রেলিয়ায় স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে আবেদনের বিভিন্ন ধাপ, যেমন-স্টেটমেন্ট অব পারপাস (SOP) প্রস্তুতকরণ, রিকমেন্ডেশন লেটার, আইইএলটিএস/টোফেল প্রস্তুতি এবং প্রফেসরদের সঙ্গে যোগাযোগের কার্যকর কৌশল উপস্থাপন করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
—জা. অর্থনীতি/এলএটি