রংপুরে ট্রাকচালকের মরদেহ উদ্ধার
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি সারাবাংলা: রংপুরের পীরগঞ্জে গোজগলের বিল সংলগ্ন এলাকা থেকে ফারুক মিয়া (৩০) নামের এক ট্রাকচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্ল্যাপুর এলাকার একটি কাঁঠাল গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফারুক মিয়া আব্দুল্ল্যাপুর এলাকার আইয়ুব আলীর ছেলে। পেশায় তিনি একজন ট্রাক চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফারুক মিয়া প্রায় তিন মাস আগে নিজ বাড়ি ছেড়ে পাশের জেলা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলদাদপুর গ্রামে শ্বশুরবাড়িতে গিয়ে বসবাস করছিলেন। সোমবার সকালে আব্দুল্ল্যাপুর এলাকায় গোজগলের বিল সংলগ্ন কাঁঠাল গাছে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয় পথচারীরা। পরে খবর পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

উদ্ধারের পর পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

ওসি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং রহস্য উন্মোচনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি