কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা
ছবি: জাতীয় অর্থনীতি

সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন কপ৩১ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের শিকার উপকূলীয় মানুষের ন্যায্য ক্ষতিপূরণ ও জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরায় এক জলবায়ু পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের যৌথ উদ্যোগে এই পদযাত্রার আয়োজন করা হয়।

সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য প্রধানত দায়ী উন্নত দেশ ও পক্ষগুলোকে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য ক্ষতিপূরণ প্রদান করতে হবে। বৈশ্বিক উষ্ণায়নে সবচেয়ে কম ভূমিকা রাখা সত্ত্বেও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষকে এর ভয়াবহ পরিণতি ও বিপর্যয় মোকাবিলা করতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, দিন দিন বাড়তে থাকা বৈশ্বিক উষ্ণতার কারণে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা ও ক্ষয়ক্ষতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। উপকূলীয় জেলা সাতক্ষীরার মানুষ দীর্ঘকাল ধরে জলবায়ু পরিবর্তনের নানামুখী অভিঘাত সহ্য করে আসছেন। বারবার আঘাত হানা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার কারণে তাদের বসতভিটা, উর্বর কৃষিজমি, জীবিকা এবং সুপেয় পানির উৎস ধ্বংস হয়ে যাচ্ছে। এসব দুর্যোগে সর্বস্বান্ত হয়ে অনেক মানুষ স্থায়ীভাবে বাস্তুচ্যুত হচ্ছেন এবং জীবিকার তাগিদে বাধ্য হয়ে অন্যত্র চলে যাচ্ছেন।

আসন্ন কপ৩১ সম্মেলনকে সামনে রেখে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, উপকূলীয় জনগোষ্ঠীর মৌলিক অধিকার রক্ষা এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির জন্য অবিলম্বে ন্যায্য ক্ষতিপূরণ আদায়ের জোরালো দাবি জানান বক্তারা।

গ্রীন কোয়ালিশনের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আফফান রোজ বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, গ্রীন কোয়ালিশনের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সদস্যসচিব ও জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা পানি কমিটির সভাপতি মো. মফিজুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য জ্যোতি সরকার প্রমুখ।  

—জা. অর্থনীতি/এলএটি