চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে রাগেশ্রী সংগীত বিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বার্ষিক সংগীত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ, গুণী শিল্পীদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধ্রুব সংস্কৃতি পরিষদের অধীনে অনুষ্ঠিত বার্ষিক সংগীত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার পাশাপাশি সংগীত ও সংস্কৃতিচর্চা মানুষের মননশীলতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংগীতচর্চা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায় ও নান্দনিকতা গড়ে তুলতে সহায়তা করে। নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করতে সংগীত বিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণেও অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির চট্টগ্রাম চ্যাপ্টারের সহসভাপতি খোরশেদুল আলম কাদেরী, মাছরাঙা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো ইনচার্জ ও বাচিক শিল্পী নাজমুল আলিম সাদেকী, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র তবলা প্রশিক্ষক সুদেব কুমার দাশ এবং ধ্রুব সংস্কৃতি পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক স্বরূপ দেবনাথ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাগেশ্রী সংগীত বিদ্যালয়ের সভাপতি ঝুলন দত্ত। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ পপি বড়ুয়া।
সংগীত ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ সংগীত প্রযোজক পাপিয়া আহমেদ, বেতার ও টেলিভিশন শিল্পী রাজেশ সাহা এবং বিশিষ্ট বাংলা ঢোলবাদক শিবু জলদাসকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত অতিথিরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় শিবু জলদাসের ঢোলবাদনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিক শিল্পী তামান্না ইসলাম।
সাংস্কৃতিক পর্বে রাগেশ্রী সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা একক ও সমবেত সংগীত এবং বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন। পাশাপাশি বিদ্যালয়ের নৃত্য বিভাগের শিক্ষার্থীদের দলীয় নৃত্য, কালার্স একাডেমির পরিবেশনা ও দলীয় যন্ত্রসংগীত অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে সংগীত পরিচালনায় ছিলেন বেতার শিল্পী রীপা বড়ুয়া, নৃত্য পরিচালনায় শ্রেয়া দাশ, আবৃত্তি পরিচালনায় মিথুন বড়ুয়া এবং দলীয় যন্ত্রসংগীত পরিচালনায় প্রাঙ্গন বড়ুয়া। কালার্স একাডেমির পরিবেশনা পরিচালনা করেন ফরহাদ শাহরুখ।
আয়োজকেরা জানান, সংগীত ও সংস্কৃতিচর্চার প্রসার, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে উৎসাহ দেওয়া এবং গুণী শিল্পীদের অবদানকে সম্মান জানানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
—জা. অর্থনীতি/এলএটি