হিলি (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপসমূহে নিয়োজিত বিজিবি সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের অংশ হিসেবে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর আওতাধীন বিওপি এলাকার ‘হরিজন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ’ সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) আনুমানিক দুপুর ১২টায় উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি) এ মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও তদারকি করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত পূজা উদযাপনকারীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী (পিবিজিএমএস, পদাতিক) এবং উপ-অধিনায়ক মেজর ইব্রাহীম আব্দুল্লাহ আসাদ (পদাতিক)।
—জা. অর্থনীতি/এলএটি