যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি পেলেন চিত্রনায়িকা মৌসুমী

বিনোদন ডেস্ক: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে যুক্তরাষ্ট্রের স্থায়ী বসবাসের অনুমতি বা ‘গ্রিন কার্ড’ পেয়েছেন ঢালিউড প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শনিবার (১৭ অক্টোবর) নিজেই এই আনন্দের সংবাদটি প্রকাশ্যে আনেন এই তারকা।

মেয়ে ফাইজার পড়াশোনা এবং অসুস্থ মায়ের সুচিকিৎসার সুবিধার্থে ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন মৌসুমী। এতদিন সাময়িক থাকার অনুমতি থাকলেও, এই গ্রিন কার্ড পাওয়ার ফলে এখন থেকে সেখানে স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তারকা।

নব্বই দশকে 'কেয়ামত থেকে কেয়ামত' সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে অভিষেক ঘটা মৌসুমী একাধারে একজন সফল অভিনেত্রী, প্রযোজক ও পরিচালক। ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ দিয়ে তার পরিচালনায় যাত্রা শুরু হয়। ১৯৯৬ সালের ‘গরীবের রানী’ ছবি দিয়ে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই নতুন অর্জনে বিনোদন জগতের সহকর্মী ও ভক্তরা তাকে আন্তরিক অভিবাদন ও ভালোবাসা জানাচ্ছেন।

জা. অর্থনীতি/এআর