আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ঝাড়খণ্ডের রাঁচীতে একটি মদের দোকানে বানর ঢুকে পড়া এবং পরে অচেতন অবস্থায় পড়ে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অদ্ভুত এই ঘটনা ঘিরে নেটিজেনদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাঁচীর ওরমাঞ্জি এলাকার একটি মদের দোকানে হঠাৎ ঢুকে পড়ে বানরটি। দোকানের ভেতরে ঘোরাঘুরি করতে করতে একপর্যায়ে মদের বাক্সের কাছে চলে যায় সেটি। পরে বোতল রাখা বাক্সের ওপর নিথর হয়ে শুয়ে থাকতে দেখা যায় বানরটিকে। এ সময় উপস্থিত লোকজন ঘটনাটি মুঠোফোনে ধারণ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বানরটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ভিডিও ধারণকারী ব্যক্তির দাবি, বানরটি গর্ভবতী এবং দোকানে ঢুকে একটি বোতল থেকে প্রায় অর্ধেক মদ পান করেছে। এরপরই এমন অবস্থায় পড়ে থাকে সেটি। তবে বানরটি আসলে কতটুকু মদ পান করেছে, তা ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায়নি।
‘রাম বাবু জার্নালিস্ট’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। এরপরই তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য শুরু হয়।
একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, বানরটি লাইনে না দাঁড়িয়েই সরাসরি দোকানে ঢুকে পড়েছে। আরেকজনের মন্তব্য, পুরো দোকানটিই যেন তার পছন্দ হয়েছে। কেউ কেউ আবার ঘটনাটিকে বানরের নতুন অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন।
জা.অর্থনীতি/এসআই