দুর্গাপূজায় নিরাপত্তায় সতর্ক পুলিশ, অপপ্রচার রুখতে তৎপরতা

অনলাইন ডেস্ক: শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। উৎসব ঘিরে অপপ্রচার ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (১৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সহযোগিতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ের কারণে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। তবে পূজাকে কেন্দ্র করে কেউ কেউ অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এসব তৎপরতা মোকাবিলা করে সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক রয়েছে।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। এ ধরনের অপরাধ সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আইজিপি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি জনগণের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে প্রত্যেক নাগরিককে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং আইন মেনে চলার আহ্বান জানান।

পরে আইজিপি নারায়ণগঞ্জের আমলাপাড়াসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দেসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জা.অর্থনীতি/এসআই