ক্রিকেটের টানে এক হবে ভিন্ন দেশের মানুষ, হাজার মাইল দূরে থেকেও নাড়ির টানে মিলবে প্রবাসী বাংলাদেশিরা। এমন স্বপ্ন সামনে রেখে ২০২৭ সালে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট প্রতিযোগিতা ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ’। বিশ্বের ৩০টি দেশের ক্রিকেট ক্লাবকে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টকে শুধু খেলার আসর হিসেবে দেখছেন না উদ্যোক্তারা। তাঁদের লক্ষ্য, ক্রিকেটের মাধ্যমে প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি তুলে ধরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ সময় কেক কাটা ও ট্রফি উন্মোচন করা হয়। আয়োজনটির উদ্যোক্তা এবি মিডিয়া গ্রুপ।
অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘এমন আয়োজন প্রবাসীদের জন্য দারুণ আয়োজন। যারা আমাদের রেমিট্যান্স পাঠায়, তাদের জন্য এমন আয়োজন তাদেরকে উৎসাহিত করবে। তিনি আরও বলেন, ‘৩০টি দেশের ক্রিকেট ক্লাবকে সম্পৃক্ত করে এই টুর্নামেন্টের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি করবে। খেলাধুলাকে কেন্দ্র করে স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব। এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও দেশের ক্রিকেটারদের মধ্যে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ হামজা চৌধুরীরা যেমন বাংলাদেশ ফুটবলের ইমেজ সমৃদ্ধ করেছে। আমরা আশা করি, প্রবাসীদের মধ্যে কেউ জাতীয় ক্রিকেট দলে খেলবে এবং ইমেজ বাড়াবে।’
তিনি আরও জানান, দেশের ৪৯৫টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে।
আয়োজকদের ঘোষণা অনুযায়ী, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জাপান, বাংলাদেশ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচ। অস্ট্রেলিয়ায় হবে উদ্বোধনী ম্যাচ, ফাইনাল বসবে সংযুক্ত আরব আমিরাতে। ফাইনাল উপলক্ষে বিশেষ গালা নাইট আয়োজনের পরিকল্পনাও রয়েছে। সেখানে বলিউড তারকা শাহরুখ খানকে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন এবি মিডিয়া গ্রুপের সিইও কবির আহমেদ ভূঁইয়া।
কবির আহমেদ ভূঁইয়া মনে করেন, প্রবাসীদের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতা দেশের তরুণদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে পারে। তিনি বলেন, ‘বাংলাদেশের বিশাল যুবসমাজকে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করতে হবে। প্রবাসে প্রতিষ্ঠিত বাংলাদেশিদের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। এর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা যাবে।’
এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ জানান, দীর্ঘদিনের প্রচেষ্টায় আয়োজনটি বাস্তব রূপ পেয়েছে। বিসিবির সহযোগিতার আশ্বাস পেয়েছেন তাঁরা। টুর্নামেন্ট সফল করতে আইসিসির ইভেন্ট ম্যানেজারের সঙ্গে যোগাযোগ চলছে। সম্প্রচার নিশ্চিত করতে চালু করা হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি ও সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম আয়োজনটির প্রশংসা করেন। তাদের মতে, ক্রিকেট প্রবাসীদের মধ্যে ঐক্য ও দেশীয় পরিচয়ের বন্ধন দৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
এ ছাড়া বক্তব্য দেন সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, নারী ক্রিকেটার জান্নাতুল সুমনা, বিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবু, এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের উপদেষ্টা এবং ক্রীড়া সংগঠকেরা।