ইউনাইটেডের খেলোয়াড়দের ‘স্বার্থপর ও বাচ্চা’ বললেন রুনি

স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেডের সাম্প্রতিক ব্যর্থতা ঘিরে ক্লাবটির খেলোয়াড় ও কোচের মধ্যে দায়িত্ব নেওয়ার প্রশ্নটি নতুন করে সামনে এসেছে। ইতালিয়ান ক্লাব কোমোর কাছে ৪-১ গোলে হারের পর অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের মন্তব্য এবং দলের কয়েকজন খেলোয়াড়ের সমালোচনায় ক্ষুব্ধ সাবেক তারকা ওয়েন রুনি।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড রুনি মনে করেন, দলের খেলোয়াড়েরা নিজেদের ব্যর্থতার দায় স্বীকার না করে অন্যদের ওপর চাপিয়ে দিচ্ছেন। ‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ পডকাস্টে তিনি বলেন, খেলোয়াড়েরা স্বার্থপরের মতো আচরণ করছেন। তাদের আচরণ অনেকটা বাচ্চাদের মতো। নিজেদের পছন্দমতো পরিস্থিতি না হলে তারা রাগ দেখান এবং ম্যানেজার, কোচিং স্টাফ ও সমর্থকদের কথা ভাবেন না।

কোমোর বিপক্ষে হারের পর কোচ মাইকেল ক্যারিকের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছিলেন অধিনায়ক ফার্নান্দেস। এর আগে ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজও ক্লাবের ফুটবল পরিচালনা ও দলবদল নিয়ে সমালোচনা করেছিলেন। এসব মন্তব্য ড্রেসিংরুমের পরিবেশ ও কোচের কর্তৃত্ব নিয়ে উদ্বেগ বাড়িয়েছে বলে মনে করেন রুনি।

তবে ফার্নান্দেসের মন্তব্য সঠিক না ভুল, সেই বিতর্কের বাইরে গিয়ে রুনি খেলোয়াড়দের মাঠে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। তার মতে, নিজেদের পারফরম্যান্সের উন্নতি না করে অন্যদের দোষারোপ করা গ্রহণযোগ্য নয়।

এদিকে ক্যারিকের ভবিষ্যৎ নিয়েও ইউনাইটেডের পরিচালনা পর্ষদের কাছে স্পষ্ট অবস্থান প্রত্যাশা করেছেন রুনি। নিজের কোচিং অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ক্যারিকের এখন লড়াই করে টিকে থাকার চেষ্টা করা উচিত। খেলোয়াড়দের সুরক্ষা দিতে গিয়ে নিজের অবস্থান ও চাকরি ঝুঁকিতে ফেলা ঠিক হবে না বলেও সতর্ক করেন সাবেক এই অধিনায়ক।

জা.অর্থনীতি/এসআই