তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত অন্তত ১৬

আন্তর্জাতিক ডেস্ক: চীনের তিব্বত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অন্তত ১৬ জন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে তিব্বতের নাগকু অঞ্চলের বাচেন কাউন্টিতে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভূমিকম্পের পরপরই উদ্ধারকাজ শুরু করেছে কর্তৃপক্ষ। দুর্গত এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অন্তত ৩৩৯টি বাড়ি ধসে পড়েছে। বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে গেছে। এ ছাড়া বিভিন্ন স্থানে পাথরধসের কারণে সড়ক বন্ধ হয়ে পড়েছে। ফলে দুর্গম ও উঁচু পার্বত্য এলাকায় উদ্ধারকর্মীদের পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। তিব্বতের কামদো ও নিংচি শহরেও ভূকম্পন অনুভূত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে অন্ধকারের মধ্যে ভবন কাঁপতে দেখে গ্রামবাসীদের রাস্তায় ছুটে আসতে দেখা যায়। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভূমিকম্পপ্রবণ এই অঞ্চলে অতীতেও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে। ২০২৩ সালে চীনের পার্শ্ববর্তী গানসু প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১২০ জনের বেশি মানুষ নিহত হন।

এর আগে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে তিব্বত ও নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। ওই দুর্যোগে অন্তত ১ হাজার ৪০০ জন নিহত হন এবং আরও কয়েক শ মানুষ নিখোঁজ থাকার খবর পাওয়া যায়।

জা.অর্থনীতি/এসআই