বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামালের চিরবিদায়

জাতীয় অর্থনীতি স্পোর্টস: দীর্ঘ চার দশকের ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মাহমুদ জামাল আর নেই।
শনিবার (২৪ অক্টোবর) রাজশাহীতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রাজশাহীর ক্রীড়াঙ্গন প্রসারে অসামান্য ভূমিকা রাখা মাহমুদ জামাল দীর্ঘ সময় রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন। দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী সদস্য হিসেবেও। 

ক্রীড়া প্রশাসনে অনন্য অবদান রাখা এই সংগঠক ২০০৫ ও ২০০৮ সালে পরপর দুই মেয়াদে বিসিবির পরিচালক নির্বাচিত হন।

তার আকস্মিক প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পৃথক শোকবার্তায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

জা. অর্থনীতি/এআর