নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইউরোপের তিন দেশ। এর মধ্যে ইতালি থেকে ১৯, গ্রিস থেকে ১০ ও সাইপ্রাস থেকে ছয় বাংলাদেশি দেশে ফিরেছেন। ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্র বলেছে, গতকাল শুক্রবার ভাড়া করা একটি বিশেষ ফ্লাইটে (পিভিজি ৯৪৪৫) সকাল সোয়া ৮টায় ৩৫ বাংলাদেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
বিমানবন্দরে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ফেরত আসা বাংলাদেশিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং বাড়ি ফেরার জন্য আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
৩৫ বাংলাদেশির ফেরার বিষয়ে ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন, শুক্রবার সকালে একটি বিশেষ বিমানে তারা ঢাকায় পৌঁছান। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় বিমানবন্দরে তাদের সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাদের অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে।
ইউরোপ থেকে অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত আনার লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) চুক্তি স্বাক্ষর করে। এর আওতায় এ পর্যন্ত প্রায় ৫ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ফিরেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া ও ফ্রান্স থেকে।
শরিফুল হাসান জানান, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ইতালি, গ্রিস ও জার্মানি থেকে আসা মানুষের সংখ্যা বেশি। ফেরত আসা ব্যক্তিদের বিমানবন্দরে জরুরি সহায়তা ও কাউন্সেলিং দেওয়ার পাশাপাশি পরে অর্থনৈতিক সহায়তা করা হয় যাতে তারা নতুন করে জীবন শুরু করতে পারেন।
তিনি আরও বলেন, ঝুঁকি নিয়ে যেন বাংলাদেশিরা ইউরোপে না যান সে বিষয়ে সারা দেশে সচেতনতা তৈরির কাজ চলছে। পাশাপাশি ইউরোপ বৈধভাবে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার উদ্যোগ নিয়েছে।