আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাবার অসতর্কতায় পিস্তলের গুলিতে প্রাণ হারিয়েছে তিন বছর বয়সী এক শিশু। গাড়ির পেছনের আসনে রাখা আগ্নেয়াস্ত্রটি হাতে নিয়ে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয় সে। ঘটনার সময় শিশুটির বাবা একটি রেস্তোরাঁ থেকে খাবার কেনার জন্য ব্যস্ত ছিলেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বার্টো শহরের একটি বার্গার কিং রেস্তোরাঁর ড্রাইভ-থ্রুতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
দ্য মিররের প্রতিবেদনে বলা হয়, শিশুটির বাবা খাবারের দাম পরিশোধের সময় তার ক্রেডিট কার্ডের লেনদেন প্রত্যাখ্যাত হয়। সমস্যাটি সমাধানের জন্য তিনি গাড়িটি পাশে পার্ক করেন। এ সময় কোমরে থাকা গ্লক পিস্তলটি খুলে গাড়ির ভেতরে রাখেন।
পোল্ক কাউন্টির শেরিফের কার্যালয় জানায়, গাড়ির পেছনের আসনে থাকা শিশুটি পিস্তলটি হাতে নিয়ে খেলছিল বলে তদন্তকারীরা ধারণা করছেন। একপর্যায়ে পিস্তল থেকে গুলি বেরিয়ে শিশুটির মুখে লাগে।
গুলির শব্দ শুনে বাবা গাড়ি থেকে নেমে ছোটাছুটি শুরু করেন। রেস্তোরাঁর নজরদারি ক্যামেরায় ওই দৃশ্য ধরা পড়ে। পাশের একটি গাড়িতে থাকা এক নারী জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করেন। পরে পুলিশ সদস্যরা শিশুটিকে উদ্ধার করে লেকল্যান্ড রিজিওনাল হেলথ হাসপাতালে নিয়ে যান। তবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ গাড়ির ছাদেও গুলির একটি ছিদ্র পেয়েছে। ঘটনার সময় শিশুটির বাবার কাছে আগ্নেয়াস্ত্র বহনের বৈধ অনুমতিপত্র ছিল। শেরিফ গ্রেডি জাড জানান, শিশুটির মা-বাবা তদন্তে সহযোগিতা করছেন। তাঁদের কারও বিরুদ্ধে অতীতে অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড নেই বলেও জানান তিনি।
আর মাত্র কয়েক দিন পর শিশুটির চতুর্থ জন্মদিন উদযাপনের কথা ছিল।
জা.অর্থনীতি/এসআই