দৃঢ় মনোবলে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ, লক্ষ্য জনআস্থা ফেরানো

অনলাইন ডেস্ক: জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক পুনর্গঠন এবং অপরাধমুক্ত, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে পুলিশ। ২০২৪ সালের ৫ আগস্টের পর দৃঢ় মনোবল নিয়ে পুলিশ ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শনিবার খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লাইন্সে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, মানবিক ও জনবান্ধব পুলিশ গড়ে তোলার পাশাপাশি জনগণের আস্থা পুনরুদ্ধারে কাজ চলছে। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলাও তাদের লক্ষ্য। গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা দূর করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। সমাজ থেকে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পুলিশপ্রধান জানান, কিশোর গ্যাং, চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান চলছে। এ কার্যক্রম আরও গতিশীল করতে সরকার গুরুত্ব দিচ্ছে। কমিউনিটি পুলিশিং কার্যক্রম একটি কাঠামোর মধ্যে পরিচালনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে।

সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে তিনি কমিউনিটি পুলিশিং কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান। সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠন সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম এবং পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী। পরে আইজিপি খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জা.অর্থনীতি/এসআই