অনলাইন ডেস্ক: সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক দুই প্রতিষ্ঠানের কাছ থেকে ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড ও কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে এলএনজি কেনার দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৫১তম সভায় প্রস্তাব দুটি অনুমোদিত হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব দুটি পর্যালোচনা শেষে অনুমোদনের সুপারিশ করা হয়।
প্রথম প্রস্তাবের আওতায় সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনা হবে। উভয় পক্ষ সম্মত হলে অতিরিক্ত কার্গো কেনার সুযোগও রাখা হয়েছে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) মূল্যের চেয়ে ০.১৭ মার্কিন ডলার কম।
অন্যদিকে, বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে অতিরিক্ত এক কার্গো এলএনজি কেনা হবে। ২০২৬ সালের ২০ ডিসেম্বরের জন্য নির্ধারিত এ কার্গোর প্রতি এমএমবিটিইউর দাম হবে জেকেএম মূল্যের চেয়ে ০.১০ মার্কিন ডলার কম।
জা.অর্থনীতি/এসআই