আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে নির্মাণকাজ চলার সময় একটি ভবনের অংশ ধসে প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উত্তর-পূর্ব দিল্লির হর্ষ বিহার থানা এলাকার মিলন গার্ডেনে এ দুর্ঘটনা ঘটে। কয়েক সপ্তাহ আগে সত্য নিকেতনে ভবনধসে সাতজনের মৃত্যুর ঘটনার পর নতুন করে এ দুর্ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।
নিহত দুজনের নাম চন্দরপাল (৬০) ও বিজয় কুমার (৩৩)। তারা সম্পর্কে বাবা-ছেলে বলে ধারণা করা হচ্ছে। ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার পর তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও উদ্ধারকারী সূত্রে জানা যায়, ভবনটির নিচতলায় একটি গুদাম ছিল। এর ওপরের তলার কাঠামোও ধসে পড়ে। পুরোনো একতলা ভবনটিতে অতিরিক্ত তলা নির্মাণের কাজ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নতুন লিন্টেল বসানোর সময় কাঠামোর নিচের অংশ ভেঙে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।
দিল্লি ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে ভবনধসের খবর পেয়ে ঘটনাস্থলে পাঁচটি দমকলের ইঞ্জিন পাঠানো হয়। উদ্ধার অভিযানে অংশ নেয় জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), পুলিশ, সিভিল ডিফেন্সের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
বিভাগীয় ফায়ার কর্মকর্তা রবীন্দ্র সিং জানান, প্রায় ১৪ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চলে। আপাতত অভিযান শেষ হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘটনাস্থলে উদ্ধারকারী দল মোতায়েন থাকবে।
দিল্লির মন্ত্রী কপিল মিশ্র ও আশিস সুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে বলে জানান কপিল মিশ্র। স্থানীয় এক বাসিন্দার ভাষ্য, অতিরিক্ত তলার জন্য কংক্রিটের ছাদ ঢালাইয়ের সময় নিচের দুর্বল স্ল্যাব ভেঙে পড়ে।
জা.অর্থনীতি/এসআই