জাতীয় অর্থনীতি স্পোর্টস: স্পেনের তোলেদো প্রদেশে মর্মান্তিক এক ট্রেন দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনায় বুধবারের (২৮ অক্টোবর) কোপা দেল রের প্রথম রাউন্ডের ম্যাচগুলো স্থগিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
স্থানীয় সময় বুধবার সকালে তোলেদো প্রদেশের লস ইয়েবেনেস ও উর্দার মধ্যবর্তী রেলপথে রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি ট্রেনের সঙ্গে আইরিওর আরেকটি ট্রেনের এই মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে নিচে গড়িয়ে পড়ে। আকস্মিক এই দুর্ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
মার্কার প্রতিবেদন অনুযায়ী, স্থগিত ম্যাচের তালিকায় রয়েছে নাভালকারনেরো-রিয়াল বেতিস, সালামাঙ্কা-সেল্তা ভিগো এবং তাভেরনেস-ভ্যালেন্সিয়ার মতো ম্যাচগুলো। তবে বৃহস্পতিবারের (২৯ অক্টোবর) ম্যাচগুলোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ফেডারেশন। এদিকে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ ও চিকিৎসাসেবা চলমান রয়েছে।
স্পেনের তোলেদো প্রদেশে ঘটা এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৬৪ থেকে ৬৮ জন মানুষের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। উদ্ধারকাজ ও পরিস্থিতি পর্যালোচনার ওপর ভিত্তি করে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই বড়ো বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের মতো ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবগুলো।
জা. অর্থনীতি/এআর
