‘জনগণের রক্তঘামের টাকার এক পয়সাও অপচয় হবে না’
ছবি: জাতীয় অর্থনীতি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে সড়ক সংস্কারকাজে নিম্নমানের উপকরণ ও অনিয়ম প্রত্যক্ষ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ। কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে নিজেই তদারকি করতে গিয়ে ঢালাইয়ে নির্ধারিত অনুপাত না মেনে সিমেন্ট ও বালুর পরিমাণ বেশি এবং পাথরের পরিমাণ কম দেওয়ার বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। এ সময় তিনি তাৎক্ষণিক দাঁড়িয়ে থেকে সেই নিম্নমানের ঢালাই করা অংশ অপসারণ করান।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ শহরের জজ কোর্টের সামনে থেকে রাজনগর পর্যন্ত সড়ক সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুইপ জি কে গউছ। ২ কোটি ৮০ লাখ ৬৫ হাজার ৭৪৬ টাকা ব্যায়ে প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে হবিগঞ্জ পৌরসভা।

এ উপলক্ষে জজ কোর্ট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কাজের মান সরেজমিনে তদারকি করতে যান হুইপ। সেখানে তিনি দেখতে পান, কাজের মান খারাপ করে ঢালাইয়ে বালু-সিমেন্ট বাড়িয়ে দিয়ে পাথর কম ব্যবহার করা হচ্ছে। এতে সড়কের স্থায়িত্ব কমে অল্প দিনেই তা নষ্ট হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়। অনিয়ম চোখে পড়ার সঙ্গে সঙ্গেই তিনি কড়া হুঁশিয়ারি দেন এবং নিজ উপস্থিতিতেই ত্রুটিপূর্ণ ঢালাই অপসারণ করে সঠিকভাবে পুনর্নির্মাণের নির্দেশ দেন।

ঘটনাস্থলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুইপ জি কে গউছ এমপি বলেন, "কোনো উন্নয়নকাজে বিন্দুমাত্র অনিয়ম ও দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। কে ঠিকাদারি পেলেন তা মুখ্য বিষয় নয়, কাজ শতভাগ সিডিউল অনুযায়ী নিখুঁত হতে হবে। সরকারের এ অর্থ জনগণের রক্তঘামে অর্জিত ট্যাক্সের টাকা, যার এক পয়সাও অপব্যবহার হতে দেওয়া যাবে না। রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।"

নিজের রাজনৈতিক ও পৌরসভার দায়িত্ব পালনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "আমি টানা তিনবার হবিগঞ্জ পৌরসভার মেয়র ছিলাম। এমনকি কারাগারে বন্দি থাকা অবস্থাতেও এলাকার মানুষ ভালোবেসে আমাকে নির্বাচিত করেছে। মেয়র থাকাকালে কোটি কোটি টাকার চেকে সই করলেও শেখ হাসিনার তৎকালীন সরকার আমার বিরুদ্ধে এক টাকার দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। তারা রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে মিথ্যা হত্যা মামলায় জড়িয়েছিল।"

তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, "মহান আল্লাহ এখন আমাকে আরও বড় পরিসরে জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি নিজে দুর্নীতি করি না, কাউকে করার প্রশ্রয়ও দেব না।"  

—জা. অর্থনীতি/এলএটি