৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্টদের পরিচিত করতে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বাংলাদেশ সোলার এক্সপো। আগামী ৩ নভেম্বর রাজধানীতে দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধনের পর বিভিন্ন স্টল পরিদর্শন করবেন।

রবিবার বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব তথ্য জানান। ‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্যে ৩ ও ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এ আয়োজন। দর্শনার্থীদের জন্য এক্সপো উন্মুক্ত থাকবে।

বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে।

এক্সপোতে সৌরবিদ্যুতের সম্প্রসারণ, জাতীয় জ্বালানি মিশ্রণে এর অংশ বাড়ানো এবং ছাদ ও অব্যবহৃত জমিতে সৌর প্যানেল স্থাপনে উৎসাহিত করতে চারটি সেমিনার অনুষ্ঠিত হবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ঘাটতি কমানো এবং গ্রীষ্মকালে জনদুর্ভোগ ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে সরকার কাজ করছে।

প্রদর্শনীতে আধুনিক সৌরপ্রযুক্তি, সরকারি প্রণোদনা, কর ও শুল্ক সুবিধা, সবুজ অর্থায়ন, কার্বন ক্রেডিট, সৌরচালিত সেচব্যবস্থা এবং দক্ষতা উন্নয়নের সুযোগ তুলে ধরা হবে। পাশাপাশি বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের মধ্যে অংশীদারত্ব তৈরির উদ্যোগ থাকবে।

জা.অর্থনীতি/এসআই