আইসিইউতে লড়ছেন আবাহনীর প্রাণপুরুষ হারুনুর রশিদ

জাতীয় অর্থনীতি বিনোদন: কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন ঐতিহ্যবাহী আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার ও ক্লাব কর্তৃপক্ষ।

১৯৪৯ সালের ৩১ জানুয়ারি জন্ম নেওয়া হারুনুর রশিদ জীবনের দীর্ঘ সময় উৎসর্গ করেছেন দেশের ফুটবল ও আবাহনী ক্লাবকে এগিয়ে নিতে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবারের এই সাধারণ সম্পাদক ও জাতীয় ক্রীড়া পুরষ্কারপ্রাপ্ত সংগঠক ফুটবলে অসামান্য অবদানের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের ‘গোল্ডেন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। এছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) হুট করে ভাইরাসে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে তার সুস্থতা কামনায় শেখ আশরাফ আলী, চুন্নু ও লিপুসহ আবাহনীর সাবেক তারকা ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

জা. অর্থনীতি/এআর