কুকুরের সঙ্গে ইংরেজিতে তটিনীর কথোপকথন!

বিনোদন ডেস্ক: শুটিংয়ের ব্যস্ততার মাঝেও ভক্তদের বিনোদন দিতে ভিন্নধর্মী এক মুহূর্ত উপহার দিলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। এবার কোনো নাটক কিংবা গানের পরিবেশনা নয়, দুটি কুকুরের সঙ্গে ইংরেজিতে কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন তিনি।

রবিবার (১ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন তটিনী। সেখানে রাতের আবছা আলোয় দুটি কুকুরের সামনে দাঁড়িয়ে তাদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে দেখা যায় অভিনেত্রীকে। কথোপকথনের একপর্যায়ে কুকুর দুটির স্বভাব ও চেহারা নিয়েও মজার মন্তব্য করেন তিনি।

ভিডিওতে তটিনী বলেন, ইংরেজি কঠিন নয়। তিনি মূলত একটি কুকুরকে বোঝানোর চেষ্টা করছিলেন, দেখতে সুন্দর ও নিষ্পাপ মনে হলেও তার চোখে আগ্রাসী ভাব রয়েছে। এরপর নিজের ইংরেজি বলার ধরন ঠিক হয়েছে কি না, তা দর্শকদের কাছে জানতে চান।

একটি কুকুরকে নিজের বন্ধু বলে পরিচয় করিয়ে দিলেও তার নাম জানেন না অভিনেত্রী। প্রথমে কুকুরটিকে আগ্রাসী মনে হলেও পরে বুঝতে পারেন, সেটি আসলে শান্ত। এরপর নিজ হাতে কুকুরটিকে আদর করেন। অন্য কুকুরটির চেহারার সঙ্গে মার্কিন মডেল কাইলি জেনারের মিল খুঁজে পান তিনি।

তটিনীর ফেসবুক পেজে ভিডিওটি ৩ লাখ ৭৫ হাজারের বেশি বার দেখা হয়েছে। এতে প্রতিক্রিয়া জানিয়েছেন ১৭ হাজারেরও বেশি মানুষ। মন্তব্যের ঘরেও নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন অসংখ্য অনুসারী।

এদিকে ইমরাউল রাফাতের পরিচালনায় ‘মন দুনিয়া’ নাটকে দেখা যাবে তটিনীকে। এতে তার সহশিল্পী তৌসিফ মাহবুব। মঙ্গলবার প্রকাশিত হবে নাটকটির টিজার। আগামী ৬ নভেম্বর ক্যাপিটাল ড্রামায় মুক্তি পাবে এটি।

জা.অর্থনীতি/এসআই