প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তির নতুন উদ্ভাবনে চমক দেখিয়েছেন চীনের ২৬ বছর বয়সী তরুণ সং শিংইউ। নিজের তৈরি মানুষ বহনে সক্ষম উড়ন্ত হোভারবোর্ডে চড়ে নদী, পাহাড় ও শহরের ওপর দিয়ে উড়ে গেছেন তিনি। তার এই ব্যতিক্রমী উড্ডয়নের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই মাসের প্রচেষ্টায় হোভারবোর্ডটি তৈরি করেন সং। গত ১৫ অক্টোবর নিজের উড্ডয়নের ভিডিও প্রকাশ করেন তিনি। চীনের হুবেই প্রদেশের এনশির বাসিন্দা সং সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অ্যামেজিং আয়ু’ নামে পরিচিত।
মাত্র ১৪ বছর বয়সে পড়াশোনা ছেড়ে বাবার কাঠের ব্যবসায় কাজ শুরু করেন সং। টেলিভিশনে উড়োজাহাজের পরীক্ষা দেখে উড্ডয়নযন্ত্র তৈরির প্রতি আগ্রহ জন্মায় তার। ২০২২ সালে ঋণ নিয়ে একটি পরিত্যক্ত ঘরে গবেষণাগার তৈরি করেন তিনি। তবে প্রতারণার শিকার হয়ে ২৪ লাখ ইউয়ান ঋণের বোঝায় পড়েন। পরে প্রযুক্তি প্রতিষ্ঠান ইনস্টা৩৬০ তার উদ্ভাবনী কাজে ১৮ লাখ ইউয়ান অর্থায়ন করে।
পরীক্ষা চালাতে গিয়ে একাধিকবার প্রাণঘাতী পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সং। ২০২৪ সালে জেটচালিত উড্ডয়নযন্ত্র নিয়ে ৫ হাজার মিটার উচ্চতা থেকে লাফ দেওয়ার সময় প্রধান প্যারাস্যুট খুলতে ব্যর্থ হয়। শেষ মুহূর্তে বিকল্প প্যারাস্যুট খুলে যাওয়ায় প্রাণে বেঁচে যান তিনি।
এবার স্পাইডারম্যানের খলনায়ক গ্রিন গবলিনের উড়ন্ত যন্ত্র থেকে অনুপ্রাণিত হয়ে হোভারবোর্ড তৈরি করেন সং। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত এই যন্ত্রে চারজন প্রাপ্তবয়স্ক মানুষ বহন করা সম্ভব বলে দাবি করা হয়েছে। অক্টোবরে পরীক্ষামূলক উড্ডয়নে ইয়াংজি নদী ও পাহাড় পেরিয়ে একটি গিরিখাতে নিরাপদে অবতরণ করেন তিনি।
সংয়ের ভাষ্য, শূন্য থেকে শুরু করায় ব্যর্থতাকে ভয় পান না তিনি। পদার্থবিজ্ঞানের সীমা কত দূর পরীক্ষা করা যায়, সেটিই তার আগ্রহের বিষয়।
জা.অর্থনীতি/এসআই
