সিলেটকে হারিয়ে চট্টগ্রামের ১ উইকেটে জয়, সাদিকুরের সেঞ্চুরি

জাতীয় অর্থনীতি স্পোর্টস: জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের শেষ দিনে (৩ নভেম্বর) রোমাঞ্চকর এক লড়াইয়ে সিলেটকে ১ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। এছাড়া অন্য ম্যাচে জয় পেয়েছে খুলনা ও রংপুর।  শেষ দিনে জয়ের জন্য চট্টগ্রামের প্রয়োজন ছিল ১০১ রান, হাতে ছিল ৯ উইকেট। তবে সিলেটের স্পিনার নাসুম আহমেদ (৭৬ রানে ৪ উইকেট) ও শাহানুর রহমানের (৭৬ রানে ৩ উইকেট) দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ জমে ওঠে।

যেখানে ২৩ রান যোগ করতেই চট্টগ্রাম ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে। ওপেনার সাদিকুর রহমান একপ্রান্ত আগলে রেখে চলতি মৌসুমে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন। তিনি ১০০ রান করে আউট হওয়ার পর দলের জয় থেকে ১৭ রান দূরে শেষ উইকেটে রোহান ও সানজিদ ঠান্ডা মাথায় লক্ষ্য পার করে দেন। এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এল চট্টগ্রাম।

এদিকে ময়মনসিংহের বিপক্ষে ফলো অনে পড়া ম্যাচে সহজেই ১৪০ রানের লক্ষ্য তাড়া করে ৮ উইকেটের বড় জয় পেয়েছে খুলনা। এনামুল হক বিজয়ের অপরাজিত ৮০ রানের সুবাদে ৫ ম্যাচে তিন জয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা।

অন্যদিকে, রাজশাহীর বিপক্ষে ৬০ রানের ইনিংস খেলে চলতি লিগের প্রতি ম্যাচেই অন্তত একটি ফিফটি করার অসাধারণ কীর্তি ধরে রেখেছেন রংপুরের ওপেনার মিম মোসাদ্দেক। ১৬০ রানের লক্ষ্য টপকে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর এই ম্যাচেই টুর্নামেন্টের নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে।

জা. অর্থনীতি/এআর