প্রযুক্তি ডেস্ক: এআই খাতে বিশাল অঙ্কের বিনিয়োগ এবং আনুষঙ্গিক ব্যয় সামলাতে কয়েকটি দেশের কর্মীদের জন্য স্বেচ্ছায় চাকরি ছাড়ার বিশেষ সুযোগ বা ‘ভলান্টিয়ারি এক্সিট প্যাকেজ’ চালু করেছে প্রযুক্তি জায়ান্ট গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। ব্যয় সংকোচনের এই উদ্যোগের অংশ হিসেবে কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান ও সুইজারল্যান্ডের মতো দেশগুলোতে এই বিশেষ সুযোগ দেওয়া হয়েছে।
বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার লড়াইয়ে টিকে থাকতে বড় ধরনের মূলধনি ব্যয়ের মুখে পড়েছে মার্কিন চিপ ও সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো। এতে অনাকাঙ্ক্ষিত খরচ বাড়ায় বিশ্ব পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে, যা অ্যালফাবেটের শেয়ার মূল্যেও মন্দা সৃষ্টি করেছে। পরিস্থিতি সামাল দিতে প্রতিষ্ঠানের অগ্রাধিকারভিত্তিক খাতেই কেবল লোকবল বহাল রাখার নীতি গ্রহণ করেছে গুগল।
গুগলের এক মুখপাত্র রয়টার্সকে জানান, ভবিষ্যতের গুরুত্বপূর্ণ কাজ ও নতুন লক্ষ্য অর্জনে কৌশলগত সুবিধার অংশ হিসেবেই বিশ্বব্যাপী নির্দিষ্ট কয়েকটি দেশে এই স্বেচ্ছায় অবসর ভাতা বা এক্সিট প্রোগ্রাম সম্প্রসারণ করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের কিছু বিভাগ ও যুক্তরাজ্যে এ ধরনের প্যাকেজ দেওয়া হয়েছিল। গুগল থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রতিষ্ঠানের সাম্প্রতিক গতি ও দিকনির্দেশনার সঙ্গে যারা মানিয়ে নিতে পারছেন না, তাদের জন্য সম্মানের সঙ্গে সরে দাঁড়ানোর সুযোগ হিসেবেই এই সুবিধা দেওয়া হচ্ছে।
সুইজারল্যান্ডের জুরিখে গুগলের একটি বড় ইঞ্জিনিয়ারিং হাব রয়েছে, যেখানে প্রায় পাঁচ হাজার কর্মী কর্মরত। সূত্র নিশ্চিত করেছে, জুরিখে একাধিক বিভাগের কর্মীদের জন্য এই সুবিধা রাখা হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণারত বিশেষ ইউনিট ‘ডিপমাইন্ড’ এবং ‘গুগল ক্লাউড’ বিভাগকে এই অফারের বাইরে রাখা হয়েছে। অর্থাৎ, প্রতিষ্ঠানটি এআই এবং ক্লাউডভিত্তিক কম্পিউটিং সেবায় তাদের মূল জনবল ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, জুরিখে প্রতি বছরের চাকরির মেয়াদের ভিত্তিতে এক মাসের মূল বেতন হিসাব করে সর্বোচ্চ ১২ মাসের ক্ষতিপূরণ ভাতা দিয়ে এই প্যাকেজ সাজানো হয়েছে। গত জুন মাসে প্যাকেজের আবেদন আহ্বান করা হয় এবং জুলাই মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আগস্ট থেকে কর্মীরা চাকরি ছাড়তে শুরু করেন। ৫০ জনের একটি প্রকৌশলী দল থেকে অন্তত চারজন কর্মী এই সুযোগ নিয়েছেন বলে জানা গেছে।
এর আগে ২০২৩ সালে সুইজারল্যান্ডে দুই শতাধিক কর্মী ছাঁটাই করেছিল গুগল, যা নিয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। তবে এবার ছাঁটাইয়ের পথে না হেঁটে স্বেচ্ছায় অবসরের সুযোগ দেওয়া হচ্ছে। শুধু গুগল নয়, সাম্প্রতিক সময়ে ক্লাউড ও এআই অবকাঠামো নির্মাণে অতিরিক্ত ব্যয়ের ধাক্কা সামলাতে অন্য মার্কিন প্রযুক্তি জায়ান্টরাও কর্মী ছাঁটাই ও স্বেচ্ছায় অবসরের সিদ্ধান্ত নিচ্ছে। বিগত সপ্তাহে আরেক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটও তাদের প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় অবসরের প্রস্তাব দিয়েছে।
অ্যালফাবেটের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) আনাত আশকেনাজি সাম্প্রতিক প্রান্তিক আয়ের প্রতিবেদনে উল্লেখ করেছেন, বর্তমান প্রযুক্তি বাজারে এআই এবং ক্লাউড কম্পিউটিং খাতই তাদের লোকবল নিয়োগের প্রধান অগ্রাধিকার। ফলে প্রচলিত বা মূল ব্যবসায়িক বিভাগগুলোর জনবল পুনর্গঠন করেই এআই খাতের বাজেট সংস্থান করছে তারা।
