আন্তর্জাতিক ডেস্ক: আরব উপসাগরে বাহরাইনগামী একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক নিহত হয়েছেন। হামলার পর জাহাজটিতে আগুন ধরে গেলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন অন্য নাবিকেরা। তবে এ ঘটনায় সামুদ্রিক পরিবেশ দূষণের কোনো ঘটনা ঘটেনি।
ট্যাংকারটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভেলোস ট্যাংকার্স এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটির বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার ‘এমটি ভেলোস’ নামের তেলবাহী ট্যাংকারটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে জাহাজের একজন নাবিক গুরুতর আহত হন। একপর্যায়ে তিনি নিখোঁজ হয়ে যান। পরে তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত প্রাণে বাঁচানো সম্ভব হয়নি।
হামলার পরপরই ট্যাংকারটিতে আগুন ছড়িয়ে পড়ে। তবে জাহাজে থাকা অন্য ক্রুদের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে তেল ছড়িয়ে পড়ে সামুদ্রিক পরিবেশের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান।
বর্তমানে ক্ষতিগ্রস্ত ট্যাংকারটি নিরাপদে বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরে নোঙর করেছে। হামলার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করবে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটির কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা পরীক্ষা করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে আরব ও পারস্য উপসাগরে আন্তর্জাতিক নৌযানগুলোতে হামলার ঝুঁকি বেড়েছে। অতীতের বিভিন্ন ঘটনায় ইরানের দিকে অভিযোগের আঙুল উঠলেও এমটি ভেলোসে হামলার সঙ্গে দেশটির কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জা.অর্থনীতি/এসআই
