জাতীয় অর্থনীতি বিনোদন: বিনোদন জগতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস বাংলার ঘরের অশান্তি এবার ছাড়িয়ে গেছে প্রতিযোগীদের ব্যক্তিগত বিরোধের গণ্ডি। সহপ্রতিযোগী রাজবীরের সঙ্গে নন্দিনী দত্তের মারমুখী আচরণ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এমনকি নন্দিনীর আচরণের প্রতিবাদে সরব হয়েছেন টালিউডের একাধিক অভিনেতাও।
সম্প্রতি বিগ বস বাংলার একটি লাক্সারি বাজেট টাস্ককে কেন্দ্র করে রাজবীর ও নন্দিনীর মধ্যে বিরোধের সূত্রপাত হয়। ভ্যাম্পায়ার ও মানুষের ওই টাস্কের পর সৃজলা গুহর সঙ্গে নন্দিনীর বিবাদ তৈরি হয়। এ ঘটনায় রাজবীর কেন তার পক্ষ নিয়ে সৃজলার বিরুদ্ধে কথা বলেননি, তা নিয়ে ক্ষুব্ধ হন নন্দিনী। একপর্যায়ে রাজবীরের সঙ্গে তীব্র বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি।
বিতর্কের একপর্যায়ে নন্দিনী রাজবীরকে পরপর চড় মারতে থাকেন। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও একসময় তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন রাজবীর। নন্দিনী আবার এগিয়ে এলে তাকে দ্বিতীয়বার সরিয়ে দেন তিনি। এরপর উত্তেজিত রাজবীর নিজের গালে একের পর এক চড় মারতে থাকেন। পাশাপাশি নন্দিনীকে স্পষ্ট জানিয়ে দেন, তার গায়ে যেন আর হাত না তোলা হয়। পরে সেখান থেকে চলে যান তিনি।
পর্বটি সম্প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নন্দিনীর আচরণকে ‘টক্সিক’ আখ্যা দিয়ে সমালোচনা করেন দর্শকরা। নেটপ্রভাবী প্রেরণা দাস শারীরিক হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। অভিনেতা ভিভান ঘোষও নন্দিনীর আচরণে হতাশা প্রকাশ করেন। এ ছাড়া ‘বং গাই’ ও অভিনেতা সত্যম ভট্টাচার্যও সমালোচনায় যোগ দেন।
এ ঘটনায় বিগ বস কর্তৃপক্ষ নন্দিনীর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।
জা.অর্থনীতি/এসআই
