প্রযুক্তি ডেস্ক: আধুনিক প্রযুক্তি, মিউজিক ও ফুটবলের জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে পর্দা উঠল ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর। প্রযুক্তি ব্র্যান্ড টেকনোর টাইটেল স্পনসরশিপে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানটি প্রযুক্তি ও ফুটবলের এক অনন্য মেলবন্ধনে পরিণত হয়।
লেজার ম্যাপিং, থ্রিডি প্রজেকশন ও সাউথ এশিয়ার বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সাফ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাসওয়ার উমারু লেব্বে, জেনারেল সেক্রেটারি পুরুষোত্তম কাট্টেল এবং আইস্মার্টইউ প্রযুক্তি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক ট্রফি উন্মোচন পর্বে উপস্থিত ছিলেন।
আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, "টেকনোলজি ও ক্রিয়েটিভিটির সমন্বয়ে সাফ চ্যাম্পিয়নশিপের প্রতিটি মুহূর্ত ফুটবলপ্রেমীদের জন্য আকর্ষণীয় করে তোলাই আমাদের মূল লক্ষ্য।"
টেকনোর জেনারেল ম্যানেজার জ্যাক গুও জানান, ফুটবল তরুণ প্রজন্মের আবেগ ও সংকল্পের কথা বলে, যা টেকনোর ব্র্যান্ড প্রদর্শনের মূল দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
উদ্বোধনী আয়োজনে বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয়ের ২০ মিনিটের বিশেষ পারফরম্যান্স পুরো স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
পুরো টুর্নামেন্টজুড়ে দর্শকদের ডিজিটাল অভিজ্ঞতা দিতে টেকনোর নিজস্ব 'এলা এআই' (Ella AI) অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ম্যাচ স্কোর প্রেডিকশন, হাইলাইটস ও ইন্টারঅ্যাকটিভ কনটেন্ট পাওয়ার সুযোগ থাকছে। এ ছাড়া স্টেডিয়াম প্রাঙ্গণে ফ্যানদের জন্য ইন্টারঅ্যাকটিভ এক্সপেরিয়েন্স জোন এবং প্রেডিকশন গেম খেলে টেকনো ক্যামন স্মার্টফোন জেতার ব্যবস্থা রাখা হয়েছে।
উল্লেখ্য, ৫ নভেম্বর থেকে শুরু হওয়া ছয় দেশের এই আন্তর্জাতিক টুর্নামেন্টটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত চলবে।
