দেড় যুগ পর নতুন করে ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’

শেষ হয়ে গেলো আরও একটি বছর। দরজায় কড়া নাড়ছে বাংলা নতুন বছর। আগামীকাল পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। আর পহেলা বৈশাখের আবহ মানেই কিছু চিরচেনা বাংলা গান। এসব গান ছাড়া উৎসব যেনো অপূর্ণ। সেই তালিকায় অন্যতম ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’ গানটি। প্রায় ১৮ বছর আগে প্রকাশিত এই গানটি ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত কণ্ঠশিল্পী সোনিয়ার কণ্ঠে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়। সময় পেরিয়ে গেলেও এর জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও। বৈশাখ এলেই নতুন করে প্রাণ ফিরে পায় গানটি। ফলে, দেড় যুগ পর আবারও নতুন রূপে ফিরছে সেই গান। 

১৮ বছর পর নতুন আয়োজনে তৈরি হলো ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’ গানটি। উদ্যোগটি নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছিলেন শওকত আলী ইমন। 

নতুন আয়োজনেও গানটি তৈরি করেছেন এই সংগীত পরিচালক। নতুন সংস্করণে আধুনিক সাউন্ড, নতুন কণ্ঠ এবং ভিডিও চিত্রের সময়োপযোগী উপস্থাপন থাকছে বলে জানিয়েছেন ইমন। সংগীতের পাশাপাশি নতুন সংস্করণে গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। তার সঙ্গে গেয়েছেন ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা ও জাকিয়া সুলতানা কর্নিয়া। ভিডিও বানিয়েছেন চন্দন রায় চৌধুরী। 

জনপ্রিয় গানটি নতুন করে করা প্রসঙ্গে শওকত আলী ইমন বলেন, ‘গানটির শ্রোতাপ্রিয়তা কতোটা তা আর নতুন করে বলার প্রয়োজন নেই, সকলে জানি। দেশের সীমানা পেরিয়ে প্রবাসে থাকা বাঙালিদের কাছেও গানটি সমানভাবে জনপ্রিয়। পৃথিবীর যেখানেই গেছি, এই গানটির জন্য আলাদা করে ভালোবাসা পেয়েছি। গানটিকে নতুন প্রজন্মের আরও কাছাকাছি নিয়ে আসার জন্যই নতুন সংগীতায়োজনের ভাবনা। চেষ্টা করেছি মূল আবহটা ধরে রেখে আধুনিক সাউন্ডে উপস্থাপন করতে। আশা করছি, তরুণ প্রজন্মের শ্রোতারাও গানটিকে নিজের করে নেবে।’ 

গানচিলের কর্ণধার আসিফ ইকবাল বলেন, ‘আমাদের পহেলা বৈশাখের সঙ্গে গানটি দারুণভাবে জড়িয়ে আছে। তাই নতুন আয়োজনে গানটি প্রকাশের উদ্যোগ নিয়েছি। আশা করি, নতুন প্রজন্মের শ্রোতাদেরও মন জয় করবে গানটি।’

গতকাল রোববার গানচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটির নতুন সংস্করণ। 

উল্লেখ্য, গানটির মূল শিল্পী ক্লোজআপ ওয়ান খ্যাত সোনিয়া অনেক দিন ধরেই সংগীতজগতের বাইরে। ব্যক্তিগত জীবনে বিয়ে করে সংসারী হয়েছেন, স্থায়ীভাবে বসবাস করছেন কানাডায়। দীর্ঘ এক দশকের বেশি সময় গান থেকে দূরে থাকলেও তার গাওয়া এই গানটি এখনো রয়ে গেছে শ্রোতাদের হৃদয়ে। 

—জা. অর্থনীতি/এনএ