এক সিরিজের জন্য পাঁচটি সম্মাননা, কুপারের নতুন ইতিহাস

বিনোদন ডেস্ক: যে কোনো কাজের জন্য স্বীকৃতি পেতে কার না ভালো লাগে। আবার কারও কারও মতে, স্বীকৃতি মানে দায়িত্ব বেড়ে যাওয়া।  আরও নতুন নতুন কাজের প্রতি দায়বদ্ধতা তৈরি হওয়া। কিন্তু একটি কাজের জন্য পাঁচ পাঁচটি পুরস্কার পাওয়া তো সত্যিই বিস্ময়ের। নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘অ্যাডলেসেন্স’-এ অনবদ্য অভিনয়ের জন্য ফের ইতিহাস গড়লেন ১৬ বছর বয়সী অভিনেতা ওভেন কুপার। রোববার (১০ মে) লন্ডনে অনুষ্ঠিত বাফটা টিভি অ্যাওয়ার্ডস ২০২৬-এ সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন এই তরুণ অভিনেতা। 

এই জয়ের মাধ্যমে একই চরিত্রে অভিনয়ের জন্য বাফটা ছাড়াও এমি, গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস, গোথাম ও ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডের স্বীকৃতি পাওয়া অভিনেতাদের তালিকায় নিজের নাম যোগ করলেন ওভেন কুপার। সিরিজটিতে তিনি ১৩ বছর বয়সী কিশোর জেমি মিলারের চরিত্রে অভিনয় করেছেন, যে সহপাঠীকে ঘিরে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় জড়িয়ে পড়ে। 

এবারের বাফটা টিভি অ্যাওয়ার্ডসে ওভেন কুপারের সিরিজ ‘অ্যাডলেসেন্স’ এবং কমেডি সিরিজ ‘অ্যামান্ডাল্যান্ড’ সবচেয়ে বেশি পুরস্কার জিতে নেয়। এর আগে, গত মাসে অনুষ্ঠিত বাফটা টিভি ক্রাফট অ্যাওয়ার্ডসেও দুটি পুরস্কার পেয়েছিলো নেটফ্লিক্সের এই লিমিটেড সিরিজটি। এ ছাড়া, জেমির বাবা-মায়ের চরিত্রে অভিনয় করা স্টিফেন গ্রাহাম ও ক্রিস্টিন ট্রেমার্কোও স্বীকৃতি পেয়েছেন। 

কৌতুক অভিনেতা গ্রেগ ডেভিসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডাম স্কট, সেথ রোগেন ও অ্যালান কারের মতো তারকারা। ব্রিটিশ টেলিভিশনে অসাধারণ অবদানের জন্য ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’-এর সঞ্চালক ডেম মেরি বেরিকে দেওয়া হয় ‘বাফটা ফেলোশিপ’ সম্মাননা। পাশাপাশি ব্রিটিশ ভোক্তা অধিকার ও জনজীবনে দীর্ঘস্থায়ী প্রভাব রাখার স্বীকৃতিস্বরূপ সাংবাদিক মার্টিন লুইস পান বাফটা টেলিভিশন স্পেশাল অ্যাওয়ার্ড। 

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে এমি জয়ের পর চলতি বছর গোল্ডেন গ্লোবেও বিশাল ধামাকা দেখান কুপার। ‘অ্যাডোলেসেন্স’-এ অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা সহ-অভিনেতার (টেলিভিশন) পুরস্কার জিতে ইতিহাস গড়েন তিনি। 

—জা. অর্থনীতি/এনএ