আবারও ভাইরাল মোদি-মেলোনি, এবার আলোচনায় ‘মেলোডি’ টফি

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছোট ভিডিও, যেখানে দেখা যায়,  নরেন্দ্র মোদি জর্জিয়া মেলোনির হাতে তুলে দিচ্ছেন জনপ্রিয় ‘মেলোডি’ টফির একটি প্যাকেট।

ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম ও এক্স অ্যাকাউন্টে শেয়ার করেন জর্জিয়া মেলোনি। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “উপহারের জন্য ধন্যবাদ।” এরপরই ইন্টারনেটে ফের ট্রেন্ড করতে শুরু করে বহুল আলোচিত ‘মেলোডি’ মিম।

ভিডিওতে দেখা যায়, হাসিমুখে টফির প্যাকেট গ্রহণ করছেন মেলোনি। দুই নেতাকেই বেশ প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত মেজাজে দেখা যায়। মুহূর্তের মধ্যেই ক্লিপটি ছড়িয়ে পড়ে এক্স, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। নেটিজেনরাও মজার সব মন্তব্যে ভরিয়ে দেন কমেন্ট সেকশন।

কারও মন্তব্য, “কূটনীতির নতুন নাম মেলোডি।” আবার কেউ লিখেছেন, “ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় জুটি।” কেউ রসিকতা করে বলেন, “মেলোডি আর পার্লে, দুই ব্র্যান্ডের শেয়ারই এবার বাড়বে!”

অনেকের মতে, আন্তর্জাতিক কূটনীতির গাম্ভীর্যের মাঝেও এমন সহজ ও মানবিক মুহূর্ত আলাদা মাত্রা যোগ করে। এক ভাইরাল মন্তব্যে লেখা হয়, “জি-২০ সেলফি থেকে মেলোডি টফি,  এই বন্ধুত্বের এখন আলাদা ফ্যানবেস তৈরি হয়েছে।” আরেক ব্যবহারকারী লেখেন, “ভারত-ইতালি সম্পর্ক এখন পুরোপুরি মেলোডি-চালিত!”

ইনস্টাগ্রাম ও রিলস প্ল্যাটফর্মে সেই মুহূর্ত ঘিরে তৈরি হয়েছে অসংখ্য মিম ও ভিডিও। বলিউড গানের সঙ্গে ভিডিওটি ব্যবহার করে বিভিন্ন পেজে শেয়ার করা হচ্ছে মজার সব কনটেন্ট। কেউ কেউ আবার মজা করে বলছেন, টফি কোম্পানির উচিত দুই নেতাকেই ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানানো।

তবে বিষয়টি শুধু হাস্যরসেই সীমাবদ্ধ নয়। অনেকেই এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্তকে ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, এমন অনানুষ্ঠানিক মুহূর্ত কূটনীতিকে আরও মানবিক ও কাছের করে তোলে।

ইতালিতে নরেন্দ্র মোদির পাঁচ দেশের সফরের শেষ পর্যায়েই ঘটে এই ঘটনা। রোম সফরে পৌঁছানোর পর জর্জিয়া মেলোনি তাকে নৈশভোজে আমন্ত্রণ জানান। পরে দুই নেতাকে একসঙ্গে রোমের বিভিন্ন স্থানে ঘুরে দেখতেও দেখা যায়।

এর আগে এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি জানান, ভারত ও ইতালির সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, পরিচ্ছন্ন জ্বালানি, প্রযুক্তি এবং সাংস্কৃতিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অন্যদিকে, জর্জিয়া মেলোনিও মোদির সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, “রোমে স্বাগতম, বন্ধু!”

উল্লেখ্য, আন্তর্জাতিক সম্মেলনে নরেন্দ্র মোদি ও জর্জিয়া মেলোনির সেলফি এবং বিভিন্ন অনানুষ্ঠানিক মুহূর্ত এর আগেও একাধিকবার ভাইরাল হয়েছিল।

—জা. অর্থনীতি/এআইই