ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে টানা ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে অন্যান্য পণ্য রপ্তানি বন্ধ থাকলেও পচনশীল পণ্য রপ্তানি কার্যক্রম চালু থাকবে।
মঙ্গলবার (২৬ মে) আখাউড়া সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও আমদানি-রপ্তানীকারক এসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসোসিয়েশন কর্তৃপক্ষ জানায়, ঈদুল আযহা উপলক্ষে আজ থেকে রোববার (৩১ মে) পর্যন্ত ৬ দিন আখাউড়া স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ঈদের দিনসহ প্রতিদিনই যাত্রী পারাপার চালু থাকবে।
দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী এ স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যসহ উত্তর-পূর্ব ভারতের ৭টি রাজ্যে বরফায়িত মাছ, প্লাস্টিক, রড, সিমেন্ট, ভোজ্যতেল, তুলা ও বিভিন্ন খাদ্যসামগ্রীসহ অর্ধশতাধিক পণ্য রপ্তানি হয়।
—জা.অর্থনীতি/এনজে