কিশোরগঞ্জ প্রতিনিধি: সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সুদূর মিসর থেকে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদী পৌরসভার কামারকোনা এলাকায় এসে নতুন জীবনের সূচনা করেছেন ফাতেমা আহমেদ (হাবিবা) নামে এক মিসরীয় তরুণী। ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন পরিবেশের দেশ হলেও বাংলাদেশে এসে শ্বশুরবাড়ির লোকজনের আন্তরিকতা, স্নেহ ও ভালোবাসায় উচ্ছ্বসিত হয়েছেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, কটিয়াদী পৌরসভার কামারকোনা এলাকার আব্দুল জব্বারের ছেলে মো. জাহের ওরফে জহির ২০১০ সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে মিসরে যান। সেখানে একটি কোম্পানিতে কাজ শুরু করে বর্তমানে তিনি মিসরের 'আশুরা রমাদান' শহরে স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানে তিনি বিভিন্ন ফ্যাক্টরিতে শ্রমিক সরবরাহের ব্যবসা করেন।
২০২৩ সালের প্রথম দিকে একটি অনুষ্ঠানে গিয়ে ফাতেমা আহমেদ (হাবিবা)-র সাথে জহিরের প্রথম দেখা হয়। পরিচয়ের পর দুই পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ২০২৪ সালের মে মাসে এই দম্পতির কোল আলো করে আসে এক ছেলেসন্তান, যার নাম রাখা হয় ইয়াসিন জাহের আব্দুল জব্বার। সম্প্রতি গত ৩০ মে বিকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে প্রথমবারের মতো নিজ জন্মস্থানে ফেরেন জহির।
বাংলাদেশে আসার অনুভূতি ব্যক্ত করে মিসরীয় এই পুত্রবধূ জানান, আসার আগে অচেনা পরিবেশ নিয়ে মনে কিছুটা শঙ্কা ও ভয় থাকলেও, এখানে এসে সম্পূর্ণ ভিন্ন এবং এক চমৎকার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। পরিবারের সবাই তাকে আপন করে নিয়েছেন। শ্বশুর-শাশুড়িকে তিনি নিজের বাবা-মায়ের মতোই মনে করেন।
হাবিবা বলেন, "বাংলাদেশে এসে আমি শুধু একজন স্বামীই পাইনি, পেয়েছি ভালোবাসায় জড়ানো একটি সুন্দর পরিবার।"
জহিরের মা হেলেনা আক্তার ও বাবা আব্দুল জব্বার বলেন, "আমরা বিদেশি পুত্রবধূকে আমাদের নিজেদের মেয়ের মতোই সাদরে গ্রহণ করেছি। ভাষাগত কিছু সমস্যা থাকলেও ভালোবাসা ও আন্তরিকতায় কোনো কমতি নেই। আমাদের বিদেশি বউ দেখতে প্রতিদিন এলাকার শত শত মানুষ বাড়িতে ভিড় জমাচ্ছেন।"
স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল ও আগ্রহ দেখা গেছে। অনেকেই এই দম্পতির সুন্দর সম্পর্ককে ভালোবাসা ও পারিবারিক বন্ধনের এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। সুদূর মিসর থেকে বাংলাদেশে এসে নতুন পরিবারে সুখ-শান্তির খোঁজ পাওয়া এই মিসরীয় তরুণীর গল্প এখন কটিয়াদী উপজেলার মানুষের মুখে মুখে।
—জা. অর্থনীতি/এলএটি