নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য তোলা হচ্ছে ১২টি প্রকল্প। এর মধ্যে নতুন প্রকল্প ৬টি ও সংশোধিত প্রকল্প ৪টি এবং মেয়াদ বৃদ্ধির জন্য ২টি প্রকল্প প্রস্তাব করা হয়েছে।
এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৮ হাজার ১০৬ কোটি ৬৪ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৫ হাজার ৫৪৫ কোটি ৮৫ লাখ টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থাকছে ৯৩ কোটি ৫৩ লাখ টাকা।
আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে একনেক সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমান।
সভায় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সভায় অুনমোদনের জন্য যেসব প্রকল্প উপস্থাপন করা হবে সেগুলো হলো- পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (১ম পর্যায়) প্রকল্প’, ভূমি মন্ত্রণালয়ের ‘সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ’,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রণালয়ের ‘ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ’, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) (আর-১৭০) আঞ্চলিক মহাসড়ক (কালাবিবির দিঘী থেকে ঈদমনি) যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ)’, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন (৩য় সংশোধিত), জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘বাংলাদেশের ৩৩টি জেলায় সার্কিট হাউজ এবং জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁও এ লিফট সংযোজন’, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২’, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘ঢাকা সিএমএইচ এ ক্যান্সার সেন্টার নির্মান (২য় পর্যায়) (১ম সংশোধন)’ প্রকল্প।
একেনেকে শিক্ষা মন্ত্রণালয়ের দুইটি প্রকল্প যথাক্রমে ‘মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট (৩য় সংশোধন)’ এবং দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন (৩য় সংশোধিত) প্রকল্প উপস্থাপন করা হবে।
সভায় প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘সার্পোটিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন (১ম সংশোধিত’ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থা্পন করা হবে।
এছাড়া একনেকে অবহিত করা হবে ৬টি প্রকল্প। সেগুলো হলো- বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প (২য় সংশোধিত), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিভুক্ত একলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, সড়ক মেরামতে ব্যবহৃত আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ এবং ম্যাকানাইজড পার্কিং স্থাপনের মাধ্যমে যানজট নিরসনকরণ (২য় সংশোধিত), নাগরিক প্রান্তে বিদ্যমান ডাকসেবার সম্প্রসারণ ও সহজল্যকরণ, ঢাকা সেনানিবাস এমইএস ট্রেনিং সেলের অবকাঠামো সুবিধাদি সম্প্রসারণ, অ্যাকিলারেটিং অ্যাকশন টু ইন্ড চাইল্ড ম্যারিজ ইন বাংলাদেশ (ফেজ-২) এবং পাইকগাছা কৃষি কলেজ স্থাপন, খুলনা (২য় সংশোধন) প্রকল্প।
—জা.অর্থনীতি/এনজে