দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
ছবি: জাতীয় অর্থনীতি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় নিহত চালকের সহকারী জিহাদসহ আরও তিনজন আহত হন। মঙ্গলবার (৯ জুন) সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া চৌড়হাস মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ এই তথ্য নিশ্চিত করেন।

নিহত সজীবের বাড়ি বরিশালের বাবুগঞ্জ এলাকায় বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহত চালকের মরদেহ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, বরিশালের বাবুগঞ্জ থেকে আম সংগ্রহের উদ্দেশ্যে একটি ট্রাক নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন চালক সজীব ও তার সহকারী জিহাদ। পথে ৯ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক সজীব নিহত হন এবং তার সহকারী জিহাদসহ অপর ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হন।

মহাসড়ক থানার ওসি বলেন, "দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করা হয়েছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

—জা. অর্থনীতি/এলএটি