নিজস্ব প্রতিবেদক: কোনো ধরনের সরকারি অর্থ বা ‘পাবলিক মানি’ খরচ না করেই রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অন্য কিছু অংশীদারকে সঙ্গে নিয়ে যৌথভাবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় দেশবাসীকে এই সুখবর জানান তিনি।
বর্তমানে চীন সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে থাকা তথ্যমন্ত্রী তার বার্তায় বলেন, বিটিভি অন্য কিছু অংশীদারকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে।
এই সফলতার পেছনে রাজনৈতিক নির্দেশনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের বিজ্ঞ নির্দেশনায় আমরা এই সফলতা অর্জন করেছি। আশা করি কোনো পাবলিক মানি খরচ না করেই আমরা বিশ্বকাপের সব খেলা সম্প্রচার করতে পারব।’
এই আনন্দঘন মুহূর্তে এই প্রক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত দেশের সব গণমাধ্যমসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
—জা. অর্থনীতি/এনজে