নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ী-পুলিশ গোলাগুলি, আটক ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জেলার ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) রাত ১০টায় ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

এসময় মাদক ব্যবসায়ীদের ইট পাটকেলের আঘাতে ৫ পুলিশ সদস্যসহ ৮ জন আহত হয়েছেন। সেইসঙ্গে শীর্ষ মাদক ব্যবসায়ী ফাইটার মনিরসহ ৩ জনকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করেছে পুলিশ।

আহতরা হলেন- এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন, কনস্টেবল আশিক। এছাড়া পথচারী হেলালউদ্দিম, ড্রাইভার বাবু ও একেএম শফিউদ্দিন আহত হয়েছেন। তাদের প্রত্যেককে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাসদাইর পতেঙ্গার মোড়ে ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ মাদকসহ ফাইটার মনির, তার সহযোগী নাইম (৩০) ও মাসুমকে (২৪) আটক করা হয়। 

আটককৃতদের ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা প্রথমে পুলিশের ওপর এলোপাতাড়ি ইট পাটকেল ও ঢিল ছোড়ে। পরে পুলিশকে লক্ষ্য করে প্রায় ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে। তখন পুলিশও পাল্টা দুই রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। কেউ গুলিবিদ্ধ না হলেও পুলিশ, পথচারী ও আটক মাদক ব্যবসায়ীরা ইটের ঢিলে আহত হয়। 

প্রসঙ্গত, সম্প্রতি মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাব-পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন।

—জা. অর্থনীতি/এএইচএ