স্পোর্টস ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা রক্ষার অভিযান শুরু করেছে দাপটের সঙ্গেই। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে লিওনেল মেসির অসাধারণ হ্যাটট্রিকে ৩-০ গোলের জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল।
বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের পঞ্চম মিনিটেই জাল খুঁজে পেয়েছিলেন মেসি। তবে ভিএআর পর্যালোচনায় সেটি অফসাইড হওয়ায় গোল বাতিল হয়। যদিও এরপর আর তাকে থামানো যায়নি। বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়ে দলকে এনে দেন দুর্দান্ত জয়।
প্রথমার্ধের ১৭ মিনিটে গোলের খাতা খোলেন আর্জেন্টাইন অধিনায়ক। এরপর দ্বিতীয়ার্ধে ৬০ ও ৭৬ মিনিটে আরও দুটি গোল করে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।
প্রথম গোলটি ছিল চোখ জুড়ানো। প্রতিপক্ষের অর্ধে রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে দ্রুত সামনে এগিয়ে যান ৩৮ বছর বয়সী মেসি। কয়েকজন ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে বল পাঠিয়ে দেন জালে। দুর্দান্ত সেই গোলে মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে স্টেডিয়াম।
দ্বিতীয় গোলটি আসে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের ভুলে। ৬০ মিনিটে নিজেদের অর্ধ থেকে লম্বা পাস দেন এমিলিয়ানো মার্তিনেজ। বল পেয়ে বক্সের বাইরে থেকে নিচু শট নেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার। সহজ সেই বলটি ধরতে গিয়ে হাত ফসকে ফেলেন জিদান। ফিরতি বলে কোনো ভুল না করে ঠান্ডা মাথায় জালের নিচের কোণে বল পাঠিয়ে দেন মেসি।
হ্যাটট্রিকের গোলটিও আসে তার পা থেকেই। ৭৬ মিনিটে বাম প্রান্তে থাকা নিকোলাস গঞ্জালেসকে বল দিয়ে দ্রুত বক্সের কিনারায় চলে যান মেসি। গঞ্জালেসের কাছ থেকে বল ফেরত পেয়ে এক টাচে নিয়ন্ত্রণ নেন তিনি। এরপর নিখুঁত ফিনিশিংয়ে বল জড়িয়ে দেন জালের বাঁ দিকের নিচের কোণে। এর মধ্য দিয়েই পূর্ণ হয় বিশ্বকাপে তার প্রথম হ্যাটট্রিক।
মেসির অনবদ্য পারফরম্যান্সে পুরো ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৩-০ গোলের দাপুটে জয় নিয়ে শিরোপা রক্ষার মিশন শুরু করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২২ জুন অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
—জা. অর্থনীতি/এআইই