জাপানের গোল বন্যায় ভাসলো তিউনিসিয়া

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে রুখে দিয়েছিল জাপান। সেই জাপান নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে আফ্রিকান দেশ তিউনিসিয়ার বিপক্ষে। এই ম্যাচে একটা ইতিহাসের সাক্ষীও হবে দুই দল। এই ম্যাচ যে বিশ্বকাপ ইতিহাসের ১০০০তম ম্যাচ!

ফিফা বিশ্বকাপে 'এফ' গ্রুপ ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জাপান। মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ঐতিহাসিক ম্যাচে জোড়া গোল করেন আয়াসে উয়েদা এবং একটি করে গোল করেন দাইচি কামাদা ও জুনিয়া ইতো।

ম্যাচ শুরুর মাত্র ৪ মিনিটেই গোল করেন জাপানের মিডফিল্ডার দাইচি কামাদা। তার নিখুঁত ফিনিশিংয়ে দ্রুতই লিড পায় এশিয়ার শক্তিশালী দলটি। শুরুতেই গোল হজম করে চাপে পড়ে যায় তিউনিসিয়া।

দ্বিতীয় গোলটা আসি আসি করছিল বহুক্ষণ ধরেই। সেই গোলটা পেয়ে যায় জাপান। তিউনিসিয়া রক্ষণের ভুল কাজে লাগিয়ে গোলের খাতায় নাম লেখালেন আয়াসে উয়েদা। ৩১ মিনিটে জাপান ব্যবধান দ্বিগুণ করল।

হাইড্রেশন ব্রেকের একটু আগে তৃতীয় গোলের দেখাও পেয়ে গেল জাপান। মাঝমাঠ থেকে রক্ষণ চেরা পাসে বল পেয়ে গিয়েছিলেন জুনইয়া ইতো। এরপর ডিফেন্ডারদের পেছনে ফেলে গোলরক্ষককে ফাঁকি দিতে বেগ পেতে হয়নি তাকে। তৃতীয় গোলের দেখা পেয়ে যায় জাপান।

ম্যাচের ৮৪ মিনিটে ডান পাশ থেকে ক্রস করেছিলেন কাইশু সানো। তার ক্রসে মাথা ছুঁইয়ে দুই তিউনিসিয়ান ডিফেন্ডার আর গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বলটা জালে পাঠালেন আয়াসে উয়েদা। ম্যাচে দ্বিতীয় গোলের দেখা পেয়ে গেলেন তিনি, জাপান পেল তাদের চতুর্থ গোল।

—জা. অর্থনীতি/এএইচএ