খাগড়াছড়িতে ২০ লাখ গাছ লাগাবে সেনাবাহিনী
ছবি: জাতীয় অর্থনীতি

খাগড়াছড়ি প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে খাগড়াছড়িতে ২০ লাখ বৃক্ষরোপণের মহাপরিকল্পনা নিয়ে শুরু হয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়নের বৃক্ষরোপণ অভিযান-২০২৬। 

রোববার (২১ জুন) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। 

"বর্ষায় বৃক্ষরোপণ, সোনার বাংলার স্বপ্নবপন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে ২০ লাখ বৃক্ষরোপণের এ মহৎ উদ্যোগ গ্রহণ করেছে সেনাবাহিনী।

উদ্বোধন অনুষ্ঠানে  জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেন, প্রতিটি মানুষের একটি গাছ কাটলে অন্তত ৫টি গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। গাছকে মানুষের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে তিনি সবাইকে বৃক্ষের যত্ন নেওয়ার আহ্বান জানান।

পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে ডাম্পিংয়ের জন্য চট্টগ্রামে পাঠানো হচ্ছে।

পাশাপাশি রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব ও কম্পোস্ট সার ব্যবহারের পরামর্শ দেন তিনি।

সবুজে ঘেরা একটি নিরাপদ ও বাসযোগ্য খাগড়াছড়ি গড়ার লক্ষ্যে এই ২০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে উল্লেখ করেন তিনি।

—জা. অর্থনীতি/এনজে