সাজেকে অবরোধে বন্ধ যান চলাচল, বাতিল হচ্ছে পর্যটকদের বুকিং

অনলাইন ডেস্ক: রাঙামাটির সাজেক ভ্যালিতে সড়ক অবরোধ ও সংঘর্ষের জেরে পর্যটন ব্যবসায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। যান চলাচল বন্ধ থাকায় রিসোর্ট ও কটেজে আগাম কক্ষ বুকিং বাতিল করছেন পর্যটকেরা। পরিস্থিতি স্বাভাবিক না হলে পর্যটন খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

শুক্রবার সকাল ৬টা থেকে সাজেক-বাঘাইহাট সড়কের ১০ ও ১৪ কিলোসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের আন্দোলনকারীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, অবরোধ চলমান থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবারের ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।

দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত থাকায় সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছিল। এরপর পর্যটকদের আনাগোনা বাড়ে। তবে ২২ অক্টোবর থেকে আবার অবরোধ শুরু হওয়ায় বুকিং বাতিল হতে থাকে।

রিসোর্ট-কটেজ মালিক সমিতির তথ্য অনুযায়ী, সাজেকে প্রায় ১২০টি রিসোর্ট ও কটেজ রয়েছে, যেখানে তিন হাজারের বেশি পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে।

এদিকে, সংঘর্ষের প্রতিবাদে শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথে আধাবেলা অবরোধের ডাক দিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ। তবে অ্যাম্বুলেন্স, জরুরি সেবার যানবাহন ও সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।

জা.অর্থনীতি/এসআই