প্রজেক্টরে মেসির খেলা উপভোগ, জয়ের পর সমর্থকদের উল্লাস
ছবি: জাতীয় অর্থনীতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ম্যাচের শুরুতে কিছুটা ছন্দহীন মনে হলেও শেষ পর্যন্ত নিজের দুর্দান্ত পারফরম্যান্স দিয়েই সব সমালোচনার জবাব দিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ফিরলেন আপন মহিমায়। দারুণ দুটি ফিনিশিংয়ে অস্ট্রিয়ার জালে বল পাঠিয়ে রেকর্ডের ম্যাচটিও নিজের করে নিলেন তিনি। মেসির এই জাদুকরি পারফরম্যান্সে অস্ট্রিয়াকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে জয়োৎসব করেছে আর্জেন্টিনা।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে ‘জে’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। প্রিয় দলের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি উপভোগ করতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়া দরগা মহল্লার উত্তর পাড়ে বিশেষ আয়োজন করেন স্থানীয় আর্জেন্টিনার সমর্থকরা।

তারা প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেন। এই ব্যতিক্রমী আয়োজনে এলাকার বিভিন্ন বয়সী মানুষ অংশ নিয়ে একসঙ্গে উপভোগ করেন আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার উত্তেজনাপূর্ণ এই ম্যাচ। খেলা চলাকালে মেসির প্রতিটি আক্রমণ এবং গোলের মুহূর্তে উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা। শেষ পর্যন্ত আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর আনন্দে ফেটে পড়েন তারা।

খেলা শেষে আর্জেন্টিনার এই বিজয় উদযাপনে এলাকায় একটি আনন্দ মিছিল বের করেন সমর্থক যুবকরা। প্রিয় দলের এমন দুর্দান্ত জয়ে ব্রাহ্মণবাড়িয়ার ওই এলাকায় গভীর রাতেই এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

—জা. অর্থনীতি/এলএটি