ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সীমান্ত নিরাপত্তা নিশ্ছিদ্র করতে ব্রাহ্মণবাড়িয়ার ৭৩ কিলোমিটার সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল জাব্বার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৩ জুন) বিজয়নগর উপজেলার চম্পকনগর ও বিষ্ণুপুরসহ বিভিন্ন সীমান্ত এলাকা ঘুরে বিজিবির কঠোর নজরদারি ও সতর্ক অবস্থান দেখা গেছে। সীমান্ত দিয়ে মাদক পাচার, চোরাচালান রোধ এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবি সদস্যরা তৎপর রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া দেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা। জেলার বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলা জুড়ে ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে প্রায় ৭৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এই সীমান্তের বিভিন্ন কৌশলগত পয়েন্টে ২৫ ও ৬০ বিজিবির সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
লেঃ কর্নেল সীমান্ত পরিস্থিতি সম্পর্কে বলেন, "ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বর্তমানে সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে। এখন পর্যন্ত জেলার কোনো সীমান্ত পয়েন্ট দিয়ে পুশইনের মতো কোনো ঘটনা ঘটেনি।"
তিনি আরও জানান, সীমান্ত গলিয়ে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান কিংবা অন্য কোনো সীমান্ত অপরাধ সংঘটিত হতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। সীমান্তের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
—জা. অর্থনীতি/এলএটি