ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হয়েছেন আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাস। দীর্ঘ অস্ত্রোপচারের পরও তার ডান চোখটি রক্ষা করা সম্ভব হয়নি, চিকিৎসকদের চোখটি অপসারণ করতে হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে চট্টগ্রামগামী ‘তূর্ণা এক্সপ্রেস’ ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। আহত ভুক্তভোগী শ্যামল চন্দ্র দাস পেশায় একজন আয়কর আইনজীবী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, রাতে ট্রেনটি তালশহর স্টেশন পার হওয়ার সময় বাইরে থেকে ট্রেনটিকে লক্ষ্য করে হঠাৎ পাথর নিক্ষেপ করা হয়। এ সময় একটি পাথর জানালার কাচ ভেদ করে ট্রেনের ভেতরে থাকা যাত্রী শ্যামল চন্দ্র দাসের ডান চোখে সরাসরি আঘাত হানে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বুধবার (২৪ জুন) সকাল থেকে প্রায় চার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করা হলেও চিকিৎসকরা তার চোখটি রক্ষা করতে ব্যর্থ হন এবং পরে তা অপসারণ করা হয়। এ ঘটনায় রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এসআই বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে; তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
—জা. অর্থনীতি/এলএটি