কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স এবার রেকর্ড প্রায় ১৬ কোটি টাকা পাওয়া গেছে। এছাড়া পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।
৬ মাস পর আজ শনিবার (২৭ জুন) সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খানের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।
পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানান, ৬ মাস পর আজ সকালে পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। প্রতি ৩-৪ মাস পরপর দানবাক্স খোলা হলেও এবার ৬ মাস পর দানবাক্স খোলা হয়।
মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, দানবাক্সগুলো খুলে ৪৩টি বস্তায় ভরে টাকাগুলো মসজিদের দোতলায় নেওয়া হয় গণনার জন্য। রাত সাড়ে ৮টায় টাকা গণনা শেষে এবার রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গেছে।
এ সময় পাগলা মসজিদ কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফসহ এ সময় বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর তিন মাস ২৭ দিন পর দানবাক্স খোলা হলে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া যায়। তখনও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।
উল্লেখ্য, বর্তমানে পাগলা মসজিদের তহবিলে মোট ১১৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৫২ টাকা জমা রয়েছে।
—জা.অর্থনীতি/এনজে