সিলেট প্রতিনিধি: দেশের বাজার পরিস্থিতি নজরদারি ও মূল্য নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। প্রাথমিক পর্যায়ে অতি সংবেদনশীল ৩০টি পণ্যকে এই প্রযুক্তির আওতায় এনে পর্যবেক্ষণ করা হবে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “শুধু বর্তমান বাজার দর নয়, বরং পণ্যের উৎপাদন, আবহাওয়ার প্রভাব এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিশ্লেষণ করে সামগ্রিক পূর্বাভাস পেতে কয়েকটি মন্ত্রণালয়কে সাথে নিয়ে একটি সমন্বিত এআই মডেল তৈরি করা হবে।”
সিলেটকে সবজি রপ্তানির অন্যতম প্রধান হাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে খন্দকার মুক্তাদির জানান, দেশের সবজি রপ্তানিকারকদের প্রায় অর্ধেকই সিলেটের। তবে প্যাকেজিং ও সার্টিফিকেশনের সমস্যার কারণে রপ্তানির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। এই সংকট সমাধানে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে, যার আওতায় বিজ্ঞানসম্মত উপায়ে উৎপাদন ও ‘ট্রেসেবিলিটি’ নিশ্চিত করতে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া, সবজি সংরক্ষণের সুবিধার জন্য সরকার সারাদেশে প্রায় ২,০০০ কোল্ড স্টোরেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে, যার একটি বড় অংশ সিলেটেও স্থাপন করা হবে।
শিল্পখাত ও স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মন্ত্রী বলেন, চলমান বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও দেশের শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এছাড়া, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের আউটডোর সেবা চালু করার লক্ষ্য নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে চলছে।
অনুষ্ঠানে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে অনুদান বিতরণ, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণসহ প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মহাপরিকল্পনার অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। পরবর্তীতে বিকেল সাড়ে ৪টায় মন্ত্রী খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ‘হেমাটোলজি অ্যানালাইজার’ ও জলাতঙ্ক ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
—জা. অর্থনীতি/এলএটি