নজরুল বর্ষ কর্মসূচির বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান
ছবি: জাতীয় অর্থনীতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী গৃহীত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর অংশ হিসেবে আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূচির বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান সাড়ম্বরে উদযাপিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত এই সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. রায়হান কবির। দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের সফল সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবির সাহিত্য, সংগীত এবং সাম্যবাদী চেতনার নানা দিক তুলে ধরে বলেন, নজরুলের অসাম্প্রদায়িক আদর্শ, মানবতাবোধ এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে তাঁর প্রতিবাদী লেখনী যুগে যুগে বাঙালি জাতিকে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে নজরুলের সৃষ্টিকে আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সমাপনী পর্বে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা নজরুলের কালজয়ী গান পরিবেশন করেন। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বরেণ্য নজরুল গবেষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, জাতীয় কবির আদর্শ ছড়িয়ে দিতে বছরব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এলএটি