বিস্ফোরণের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক: ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যেও ঘটানো হয়ে থাকতে পারে।

সোমবার (৬ জুলাই) রাত ১১টার দিকে সাভার মডেল থানার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, এ ধরনের ঘটনা ঘটা পুলিশের ব্যর্থতারই প্রমাণ। আমরা মনে করছি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে।

তিনি অভিযোগ করেন, পুলিশকে দলীয়ভাবে পরিচালিত করা হলে তারা এ ধরনের ঘটনায় কার্যকর ভূমিকা রাখতে পারে না। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা গেলে পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে কি না, সেটিও স্পষ্ট হবে বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, বিস্ফোরণের সময় বিদ্যুৎ চলে যাওয়ার পর পুলিশের তৎপরতা চোখে পড়েনি। পরে কিছু পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেননি বলে অভিযোগ করেন তিনি।

এ সময় তিনি জানান, বিস্ফোরণে আহতদের দেখতে তারা হাসপাতালে যাবেন। একই সঙ্গে তিনি বলেন, হামলার ঘটনায় দলটির কর্মসূচি বন্ধ হবে না। “যা-ই ঘটুক, ‘জুলাই পদযাত্রা’ নির্ধারিত কর্মসূচি অনুযায়ী চলবে,” বলেন তিনি।

জা.অর্থনীতি/এসআই